স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন তিনি।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন সংসদ সদস্য। তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দেন তিনি।
পরিবারটির অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে রবিন, স্বর্ণকার শাহিন, সজিব, সাবেক ছাত্রদল নেতা কাদির, মাহবুব, জিহাদ, সবুজ, পেয়ার আলী ও বিল্লালসহ শতাধিক ব্যক্তি এ হামলায় অংশ নেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্যের উপস্থিতিতে এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জয়নাল আবেদীনের একটি আধাপাকা বাড়ি ভোররাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও ওঠে।
Leave a Reply