নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন দলটির নেতারা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রথমে প্রতিবাদ সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ দেশকে মৃতপুরীতে পরিণত করেছিল। বর্তমানে আবারও একই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদের পক্ষে জামায়াতে ইসলামী অবস্থান নিয়েছে। কিন্তু সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। জনগণ বারবার রক্ত দেবে আর ক্ষমতাসীনরা ক্ষমতার অপব্যবহার করবে, তা আর হতে দেওয়া হবে না। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। দেশে আরেকটি বিপ্লবের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ অবগত। জনগণ আর কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখতে চায় না। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই এখনো আইনের আওতায় আসেনি উল্লেখ করে তিনি বলেন, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, সরকারকে তার জবাব দিতে হবে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জাকির হোসাইন।
এ সময় মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির হোসেন হেলালি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হয়।
Leave a Reply