নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (২৯) ও মো. শাহীন (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রমজান আলী জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ এলাকার মৃত সাবু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেফতার শাহীন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গিরদাইন এলাকার মো. মুছা মিয়ার ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের ভান্ডারীপুল এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে আরও ২২ পিস ইয়াবাসহ মো. সাব্বির (২৫) ও মো. জুয়েল হোসেন (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার সাব্বির ভোলা সদর থানার মাহাজেনপুল এলাকার মৃত খোকনের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেফতার জুয়েল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব আলোনিয়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply