নারায়ণগঞ্জ প্রতিনিধি:
কাশিপুর ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি লাঘবে নিয়মিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ। স্থানীয়দের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, নিজের কার্যালয়ে বসে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনছেন সোহেল মাহমুদ। এ সময় তিনি সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে তার কার্যালয়ে এসে নিজেদের সমস্যার কথা জানান। তাদের অভিযোগ ও প্রয়োজনের কথা শুনে তাৎক্ষণিকভাবে সহযোগিতার চেষ্টা করেন সোহেল মাহমুদ। এতে স্থানীয় অনেক মানুষ প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন বলে দাবি তাদের।
সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার কারণে কাশিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন তার অনুসারীরা। তাদের দাবি, অসহায় ও সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় পর্যায়ে সোহেল মাহমুদের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
এ সময় তার কার্যালয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুসহ আরও অনেকে।
সোহেল মাহমুদ বলেন, “মানুষের সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পাওয়ার আগেও আমি সামাজিকভাবে মানুষের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের প্রত্যাশা, কাশিপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রয়োজনের সময় সহযোগিতার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply