নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। জেলার ২৪০টি পূজামণ্ডপে চলছে দুর্গাপূজার নানা আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মহানবমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি বন্দর থানাধীন ১ নম্বর ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন ও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারছেন।
পরিদর্শনকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, পুলিশের অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply