বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল কাদির এবং মাতা সুজাতা বেগম।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।
এরপর আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ১৬ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ৪টা ৫৫ মিনিটে কৃষ্ণপুরা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামির দেখানো স্থান থেকে বসতঘরের উত্তর পাশে একটি সংকীর্ণ জায়গায় পলিথিনে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে কাঠের বাটযুক্ত অংশ ও একটি খালি ম্যাগাজিন ছিল। পরে উদ্ধার করা অস্ত্রটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।
Leave a Reply