মুন্সীগঞ্জ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মুন্সীগঞ্জ সদর এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে অভিযান পরিচালনাকারী দল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে মালিকবিহীন অবস্থায় পাতানো প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ, এসআই শওকত ওসমানসহ সংশ্লিষ্ট ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। পরে নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply