নারায়ণগঞ্জ প্রতিনিধি:
৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সারদায় মৌলিক প্রশিক্ষণরত এসব নবীন পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সফরের শুরুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের প্রতিটি ধাপে মনোযোগী হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক অপরাধ দমনে দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরে তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষানবিশ এএসপিরা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শারিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকশিল্প জাদুঘর এবং ঐতিহাসিক পানাম নগর ঘুরে দেখেন। এসব স্থান পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পকারখানা, ঐতিহ্যবাহী জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
সফরের শেষ পর্যায়ে পুলিশ সুপারের বাংলোয় তাঁদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সুসম্পর্ক ও আন্তরিকতা বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সরকারি কর্মকর্তা হিসেবে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও তিনি নবীন কর্মকর্তাদের পরামর্শ দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সফররত শিক্ষানবিশ কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অন্যদিকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকে দুই শিক্ষানবিশ এএসপি জেলা পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় তাঁরা এ আয়োজনের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
Leave a Reply