নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-১০২৬-এর সূত্রে এএসআই (নিঃ) মোহাম্মদ স্বপনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় নিরাপত্তা কার্যক্রম, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বে নিয়োজিত ছিল।
ডিউটি পালনকালে আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় প্রকৌশলী রবিউলের নির্মাণাধীন ৮ তলা ভবনের দক্ষিণ পাশের বালুর মাঠে পৌঁছালে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, হামলাকারীরা ধারালো চাপাতি, সুইচ গিয়ার, দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বেআইনি জনতাবদ্ধে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় এএসআই মোহাম্মদ স্বপন, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল মো. আবু হানিফ গুরুতর আহত হন।
ঘটনার পর পুলিশের বৈধ কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. নাইম হোসেন (২৫), মো. ইকবাল হোসেন (২১), মো. আব্দুল্লাহ (২৪) ও মো. আলেক শাহ (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতার নাইম, ইকবাল ও আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনী (বউবাজার), ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপর গ্রেফতার আলেক শাহ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী বউবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেফতার আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply