স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে মাদক ও অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান। একই সঙ্গে অপরাধীকে আটক করার পর কোনোভাবেই নিজের হাতে আইন তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ র্যালী বাগান এলাকায় দক্ষিণ র্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েতের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি সাজেদুর রহমান বলেন, কোনো ব্যক্তিকে মাদকসেবী বা মাদক ব্যবসায়ী হিসেবে সন্দেহ হলে তাকে মারধর না করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত। উত্তেজিত হয়ে একাধিক ব্যক্তি কাউকে মারধর করলে গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে যারা মারধরে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেলে পঞ্চায়েত কমিটি, জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করতে হবে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ওসি বলেন, সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সমাজের ভালো করতে গিয়ে কেউ যেন নিজেরাই আইনের আওতায় না পড়েন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ স্থানীয়ভাবে অপরাধ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দক্ষিণ র্যালী বাগান, জিমখানা ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের ভূমিকা রয়েছে। পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
জোসেফ আরও বলেন, সমাজে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দক্ষিণ র্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি মো. গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় পঞ্চায়েত কমিটির উপদেষ্টা তাসলিমা মাজহার ডলি, মো. আমান উল্লাহ, মো. জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply