নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু। এ সময় ডা. মো. ইব্রাহিমের কর্মময় জীবন, চিকিৎসাক্ষেত্রে তার অবদান এবং সাধারণ মানুষের জন্য তার সেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ডা. মো. ইব্রাহিম ছিলেন মানবসেবায় নিবেদিত একজন চিকিৎসক। ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও মানবসেবার চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।
স্মরণসভা শেষে ডা. মো. ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির কর্মকর্তা, সদস্য, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply