গজারিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ: ১০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেফতার
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, এ ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গজারিয়া থানাধীন হোগলাকান্দী গ্রামের ১৩ বছর বয়সী ওই কিশোরীর অপ্রীতিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার পর গত ৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি দল অভিযুক্তকে গ্রেফতারে কাজ শুরু করে। পুলিশ জানায়, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগ দায়েরের প্রায় ১০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়।
এরপর ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ভবানীপুর এলাকা থেকে আব্দুল্লাহ আল ইসমাম (১৮) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি গজারিয়ার হোগলাকান্দী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভুক্তভোগী কিশোরীর পরিচয় আইনগত ও মানবিক কারণে গোপন রাখা হয়েছে।
Leave a Reply