নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ৪নং কাশিপুর ক্লাব মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় প্রতিনিধি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মো. আবদুল জব্বার।
সমাবেশে বক্তারা কাশিপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। তাই মাদক নির্মূলের পাশাপাশি কিশোরদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।
জনসভা থেকে বক্তারা ‘মাদকের বিরুদ্ধে না, জীবনকে হ্যাঁ’—এই বার্তা সামনে রেখে নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ কাশিপুর গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply