স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ পৌর পাঠাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ মজিদ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন পারভেজ মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস বুর খান সেন্টু, সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ফকরুল ইসলাম মজনু, মোহাম্মদ মনির হোসেন খান, মনিরুজ্জামান মনির, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, হাজী মোহাম্মদ নুরুদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি একটি ‘গুপ্ত সংগঠন’ সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তাকে ডেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যেতে চান এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনোভাবেই যেন ওই গুপ্ত সংগঠন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
প্রধান বক্তা আলহাজ্ব এম এ মজিদ বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি দেখেছেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি শিখেছেন।
তিনি বলেন, “আমাদের সবাইকে জিয়ার আদর্শের সৈনিক হিসেবে থাকতে হবে। বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি, আমরাও দেশ থেকে পালাব না, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের মা।”
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, নারায়ণগঞ্জে দেশের বিভিন্ন জেলার মানুষ এসে বসবাস ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
জাকির খান বলেন, “আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব। ৬৪ জেলার মানুষ এখানে এসে কাজ করে ও বসবাস করে। এই মাটি আমাদের, এই দেশ আমাদের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে।”
বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, দলের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্ন সময়ে জেল খেটেছেন ও গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি বলেন, “আমরা অনেক জেল খেটেছি, শরীরে গুলি খেয়েছি। সবাই ভেবেছিল আমি মারা গেছি। কিন্তু আমি এই দলকে ভালোবাসি। আমাদের দোয়ায় আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন।”
দলকে আরও সুসংগঠিত করার স্বার্থে জাকির খানকে সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার বিভিন্ন স্মৃতি এবং দলের অতীতের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply