নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ), নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের বাছাইয়ে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২২ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২২ জন উত্তীর্ণ হয়েছেন।
এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় যোগ্যতা অর্জনের পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোতে যারা ভালো করবেন, তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি আরও সতর্ক করে বলেন, প্রার্থীরা যেন নিজেদের যোগ্যতায় নিয়োগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী থাকেন এবং কোনোভাবেই প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করেন।
নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপে ২০ ও ২১ নভেম্বর প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test) অংশগ্রহণ করবেন।
Leave a Reply