নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ৬৭। এতে দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে যান তিনি। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগে তিনি প্রায় ৮ বছর ৯ মাস দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানিয়েছে, এ হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক, বিপিএম। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে
Leave a Reply