মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে মো. নাহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভেতরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. হাবিব ভূঁইয়া (১২) এবং নাহিদের মামাতো ভাই আতিকুর রহমানের (১২) মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ উভয় পক্ষের অভিভাবকদের ১ অক্টোবর বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, ওই দিন নাহিদ অধ্যক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের তৃতীয় তলায় ৩০২ নম্বর কক্ষে ষষ্ঠ শ্রেণির ক্লাসে প্রবেশ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে তিনি শিক্ষার্থী হাবিব ভূঁইয়াকে মারধর করেন এবং একপর্যায়ে তাকে শূন্যে তুলে কয়েকবার আছাড় দেন। ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত নাহিদকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply