স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু হয়েছে। BKMEA ও NCCI-এর উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কায়সার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য দেন BKMEA ও NCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল।
এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, NCCI-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এসব ট্রাফিক ভলান্টিয়ার কাজ করবেন।
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় ট্রাফিক পুলিশ, ব্যবসায়ী সংগঠন, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply