বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মহিলা পরিষদের নেতৃবৃন্দ পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় গবেষণা ও পাঠাগার সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, জেলা সদস্য ফাহমিদা আজাদ এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
স্মারকলিপিতে বলা হয়, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। দুর্গোৎসবকে ঘিরে সবাই যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জসহ সারাদেশে দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বিশেষ করে নারী ও শিশুরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজার উৎসবে অংশ নিতে পারে, সে বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি কামনা করেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
Leave a Reply