স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে দুটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন পুলিশের একটি দল।
পুলিশ জানায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদা (৩৩) নামের দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাঁদের শরীর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর একই চেকপোস্টে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা আয়াছ (২৫) নামের এক যুবককে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাঁর শরীরের অভ্যন্তরে ইয়াবা থাকার কথা জানান। পরে ১০টি প্যাকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply