নিজস্ব প্রতিবেদক, bdall24.com
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নূর আলম শেখ টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সময় শিশুটির মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হলে প্রায় এক মাস আগে মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে দেখা করার জন্য চাপ দিতে থাকেন তিনি।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে ধারণ করা আপত্তিকর ভিডিওর একটি অংশ গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে তাকে দেখা করতে চাপ দেন নূর আলম। অন্যথায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় সংবাদ পাওয়ার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম ও উপপরিদর্শক রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
এ ঘটনায় নূর আলম শেখের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply