নিজস্ব প্রতিবেদক, bdall24.com
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন দল বিজয়ী হয়।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। জাতীয় ঐক্য ও সংহতির চেতনায় সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
এছাড়া দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান, সিনেমা হল ও ভ্রাম্যমাণ ব্যবস্থায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিশুদের জন্য জেলার বিভিন্ন পার্ক বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।
Leave a Reply