বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কর্মজীবী নারী ও কন্যাশিশুরা যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ এবং অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জের পথে-ঘাটে ও গণপরিবহনে কর্মজীবী নারী, সাধারণ নারী এবং কন্যাশিশুরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
বিবৃতিতে সম্প্রতি শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন একটি সড়কে প্রকাশ্যে এক নারীকে শারীরিকভাবে হেনস্তার ঘটনার কথা উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে প্রতিবাদ করতে দেখা যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে পোশাক নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আশপাশে উপস্থিত কয়েকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মহিলা পরিষদ। সংগঠনটির মতে, একজন নারী নিপীড়নের শিকার হলে তার পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টো তাকে দোষারোপ করার প্রবণতা সমাজের জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধের দ্রুত বিচার কার্যকর করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো নারী বা কন্যাশিশুকে এ ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হতে না হয়।
Leave a Reply