নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারের লক্ষ্যে তার মালিকানাধীন তৈরি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান চালিয়েও তার অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ পোশাক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
কারখানাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান জানতে চান। এ সময় তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার কার্যক্রম বন্ধ হয়েছে এবং ভেতরে কেউ নেই। পরে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় সেলিম ওসমান আসামি। তার অবস্থান নিশ্চিত হওয়া গেলে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তার বড় ভাই প্রয়াত নাসিম ওসমানও ওই আসনের সংসদ সদস্য ছিলেন। ছোট ভাই শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
এদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই দাবিতে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও।
Leave a Reply