মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন যোগিভিটা (মোস্তানবাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিল্টুর সুতার ববিন মিলের সামনের পাকা রাস্তা থেকে তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ কাজীকসবা এলাকার আবু কালাম দেওয়ানের ছেলে সানি দেওয়ান (৩০), গোবিন্দনগর এলাকার জাহাঙ্গীর আলম জানুর ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং যোগিভিটা (মোস্তানবাজার) এলাকার মৃত মোজাম্মেল শেখের ছেলে মো. সজল শেখ (২১)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply