মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার শরীফ দেওয়ান টংগীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, এর আগে প্রায় দুই মাস আগে শরীফ দেওয়ানকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply