নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি-খ) এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০০ গ্রাম, উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম আছিয়া বেগম।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply