স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মামুন (৪৬) নামে একজনের বিরুদ্ধে ডাকাতিসহ ২৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানার সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২)। তাঁরা সবাই বন্দরের সোনাচড়া ও সোনাচড়াবাগ এলাকার বাসিন্দা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, কাঠের বাটযুক্ত দুটি ছেনি ও এসএস পাইপের একটি নিউ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক ৪০ মুঠোফোন ও ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।
সূত্র: বন্দর থানা পুলিশ
Leave a Reply