স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ বছর নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। ২৫টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না এবং একটি পূজামণ্ডপের প্রতিমা পরদিন বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪৩টি পূজামণ্ডপের মধ্যে দুটি, ফতুল্লা মডেল থানার ২৯টির মধ্যে পাঁচটি, রূপগঞ্জ থানার ৫৭টির মধ্যে নয়টি, আড়াইহাজার থানার ৩৭টির মধ্যে একটিতে এবং সোনারগাঁও থানার ৩৮টি পূজামণ্ডপের মধ্যে আটটিতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে না।
প্রতিমা বিসর্জন কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বিসর্জন কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পূজামণ্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের নির্যাতন বা হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটেনি বলে জানানো হয়।
বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পুলিশ, জেলা বিশেষ শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে।
শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
Leave a Reply