স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে দাঁতের চিকিৎসায় ডেন্টাল আইসোলেশন পদ্ধতি বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ভুইগড় শান্তিধারা চাঁদনী গ্র্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে দাঁতের চিকিৎসায় ডেন্টাল আইসোলেশন পদ্ধতির প্রাথমিক ধারণা থেকে শুরু করে রোগীর চিকিৎসায় এর সঠিক ও দক্ষ প্রয়োগ নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে চিকিৎসার সময় দাঁতকে লালা, রক্ত ও অন্যান্য আর্দ্রতা থেকে আলাদা রেখে কীভাবে নিরাপদ ও সফলভাবে চিকিৎসা করা যায়, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ডেন্টাল বিভাগের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে বর্তমানে ডেন্টাল চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনগণ যাতে কোনো ধরনের অপচিকিৎসার শিকার না হন, সেদিকে চিকিৎসকদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জেলার সিভিল সার্জন চিকিৎসকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারেন। তাই যেকোনো সমস্যা হলে তা সিভিল সার্জনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সিভিল সার্জন এস.এম. সাখাওয়াত হোসাইন বলেন, দেশে সরকারি অনুমোদন ও যথাযথ নিয়মনীতি না মেনে কিছু ব্যক্তি চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের অপচিকিৎসার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, চিকিৎসকদের যেকোনো সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। কোনোভাবেই অপচিকিৎসাকে প্রশ্রয় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নবাগত সিভিল সার্জন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সভাপতি ডা. নীতিশ কুমার দাস চিকিৎসকদের নিয়মিত সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোনো সমস্যায় পড়ার পর নয়, বরং নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখলে চিকিৎসকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডেন্টাল বিভাগের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এস.এম. সাখাওয়াত হোসাইন, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের উপদেষ্টা ডা. গোলাম কিবরিয়া এবং নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. নাজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম শাহীন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইন্ডো স্পেশালিস্ট ও সহকারী অধ্যাপক ডা. গোলাম সাব্বির। মডারেটরের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ডেন্টাল মেডিকেল অফিসার ডা. তাবাসসুম ফেরদৌসী।
এ সময় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডেন্টাল সার্জন অফিসার ডা. মো. আলীমুল রাজীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply