নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য FAIRDYL ও WINCEREX-এর ৭৪ বোতলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকায় আবদুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম এবং এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল অংশ নেয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জের বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে ইকবাল খাঁ (৫০), যিনি মধ্য সানারপাড়ে আবদুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত আবদুল আওয়াল ভূঁইয়ার ছেলে খবির ভূঁইয়া (৩৬)।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩০ বোতল FAIRDYL ও ৪৪ বোতল WINCEREX উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের পরিমাণ ৭৪ বোতল।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply